বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের উচ্চতার ফারাকও বহুবার আলোচনায় উঠে এসেছে।
এবার সেই উচ্চতা প্রসঙ্গেই এক মজার স্মৃতির কথা শোনালেন অমিতাভ। জানালেন, এক সময়ে তাকে ‘লম্বুজি’ বলে ডাকতেন জয়া। কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একেবারেই পছন্দ ছিল না অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের। শেষ পর্যন্ত তিনিই জয়ার সেই ডাক বন্ধ করে দিয়েছিলেন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রণবীর কাপুর, রবি দুবে ও সাই পল্লবী। তাদের আসন্ন ছবি ‘রামায়ণ’ এর প্রচারে এসেছিলেন তিন জন। সেখানেই বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়।
এরপরেই জয়ার সেই পুরনো ডাক প্রসঙ্গ তোলেন অমিতাভ। অভিনেতা জানান, বহু বছর ধরে জয়া তাকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। কিন্তু একদিন তার বাবা বিষয়টি নিয়ে আপত্তি জানান।
জয়ার উদ্দেশে তার নির্দেশ ছিল, অমিতাভকে ওই নামে ডাকা চলবে না। হয় তার নাম ধরে ডাকতে হবে, নয়তো অন্য কোনও সম্বোধন ব্যবহার করতে হবে।
অমিতাভের কথায়, অনেক বছর ধরে ও আমাকে ‘লম্বুজি’ বলে ডাকত। পরে বাবুজি ওকে বলেছিলেন, ‘দেখো, ওকে এ ভাবে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনও নামে ডাকো।’ তার পর থেকে ও আমাকে নাম ধরেই ডাকতে শুরু করে।
কথোপকথনে একপর্যায়ে রণবীর, অমিতাভ ও জয়ার উচ্চতার সঙ্গে নিজের ও আলিয়ার উচ্চতার তুলনা করেন। রণবীর বলেন, “আমি মনে মনে ভাবতাম, আমি অমিতজির মতো আর একটু লম্বা হবো আর আলিয়া হবে জয়া আন্টির মতো আর একটু ছোটখাটো। তা হলে ছবিতে আমাদের উচ্চতার ফারাকটাও বেশ সুন্দর দেখাবে। এই কথাটা আমি প্রায়ই ভাবতাম।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









