সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২০ জুলাই দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বৃষ্টির ফলে বিশেষ করে ঢাকা মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









