কোনো বাধা ছাড়াইদেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির সঙ্গে এই সমঝোতার ভিত্তিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি একাধিক রাজনৈতিক সূত্রের। সমঝোতা অনুযায়ী, পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন- এ বিষয়ে আশ্বাস পান। টাইমস অব বাংলাদেশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি বাংলা।
সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিদেশে যাবেন।
এদিকে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ-সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন।জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অভিশংসনের চাপ ছিল। সার্বিক দিক বিবেচনা করে বিএনপিও তাকে আর রাখতে চায়নি। অবশেষে একটি সম্মানজনক বিদায়ের মাধ্যমেই তাকে বিদায় জানানোর পথ বেছে নেয় বিএনপি।’
কৌশলগত কারণে বিএনপি নেতারা এবং সরকারের প্রতিনিধিরা সাহাবুদ্দিনের ‘গুরুতর অসুস্থতা’-কেই পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাইরে আর কিছু বলার নেই।’
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে তা খতিয়ে দেখা হবে। সংবিধান রাষ্ট্রপতিকে সুরক্ষা দেয়। তবে আইনগত সুরক্ষা দিলেও রাষ্ট্রপতি হওয়ার পূর্বে সাহাবুদ্দিনের বিভিন্ন কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
এর আগে গত ২৪ জুলাই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার পদত্যাগ এবং স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী সেপ্টেম্বরে বসতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে জানা গেছে।
‘সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময় সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী, তিনি এই দায়িত্ব পালন করেছেন।’
তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময় যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।’ যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তাদের সেটির অধিকার আছে- উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের প্রত্যাশা ছিল- মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, সেটা আছে। এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।’
অপর এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ ও পিজিআরসহ ৬ মাসের একটি বিধান আছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থা থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা রয়েছে, তার সব সুবিধা তিনি পাবেন।’
শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপ ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিষয়টি পত্রিকায় দেখেছি। তাদের কাছে কি তথ্য-প্রমাণ আছে, সেটি তাদেরই জিজ্ঞেস করতে হবে। আমাদের কাছে সে রকম কোনো তথ্য নেই।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









