ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বিস্তারিত ভর্তি প্রক্রিয়া, ভর্তি ফি ও সশরীরে উপস্থিতির সময়সূচি জানানো হয়েছে।
রবিবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার (GST) পছন্দক্রম ও মেধা ক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) এবং ২৯ জুলাই (বুধবার)–এর মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং নির্বাচিত প্রার্থীদের উপস্থিতি শেষে আসন শূন্য থাকা সাপেক্ষে ২৯ জুলাই সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ এবং মেধানুযায়ী পরবর্তী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিজ্ঞান অনুষদভুক্ত ‘A’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ সর্বমোট ১২,০১৫ টাকা ও মানবিক অনুষদভুক্ত ‘B’ ইউনিটে ভর্তির খরচ সর্বমোট ১০,৫১৫ টাকা এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘C’ ইউনিটের জন্য সর্বমোট ১০,৯১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।ভর্তিপ্রার্থীরা এই ফি অগ্রণী ব্যাংক পিএলসি-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় সরাসরি জমা দিতে পারবেন অথবা ইউনিট সমন্বয়কারীর অফিসে পরিশোধ করতে পারবেন। এছাড়াও অন্য বিভাগ থেকে মাইগ্রেশন পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেয়া নিয়ম অনুযায়ী, পূর্বে অন্য বিভাগে পরিশোধ করা ৩,০০০ টাকা উন্নয়ন ফি থেকে ১০ শতাংশ (অর্থাত ৩০০ টাকা) রেখে অবশিষ্ট ২,৭০০ টাকা শিক্ষার্থীকে নগদ ফেরত প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে সশরীরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সাথে এনে জমা দিতে হবে বলেও জানানোও হয়। GST ভর্তি পরীক্ষার মূল (স্বাক্ষরিত) প্রবেশপত্র, পাসপোর্ট আকারের ২ কপি সত্যায়িত ছবি, এবং মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্রসহ প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। এবং প্রার্থীর জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি এবং অভিভাবকের আয়ের সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়। এছাড়া ভুয়া বা অসত্য তথ্য প্রদান করলে পরবর্তীতেও ভর্তি বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও তালিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.iu.ac.bd/admission-এ পাওয়া যাবে।
জানা গেছে, গুচ্ছের অধীনে চারটি মেরিট প্রকাশ ও ভর্তি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫টি আসন ফাঁকা রয়েছে। যার ১টি আসন কোটায় অন্য ৩৪টি আসন সাধারণ মেধায়। গুচ্ছের নিয়মানুযায়ী নির্ধারিত মেরিট লিস্ট প্রকাশের পরও আসন ফাঁকা থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









