নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা বেশি বরাদ্দ রেখে উন্নয়নমুখী এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৪ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৬১৫ কোটি ৫০ লাখ টাকা, বিভিন্ন প্রকল্প বাবদ ৬৮০ কোটি টাকা, রাজস্ব খাতের স্থিতি ১২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা এবং এডিপির স্থিতি থেকে ১৩ কোটি ৫০ লাখ টাকা যুক্ত করে মোট ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে নগরীর বিভিন্ন সড়ক, কালভার্ট, ড্রেন ও গাইডওয়াল নির্মাণ ও সংস্কারে ১১৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের জন্য জিপ, পিকআপ, গার্বেজ ট্রাক, লোডার, বিম লিফটার ও ভ্যাকুয়াম ক্লিনারসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ে ২০০ কোটি টাকা এবং ভূমি অধিগ্রহণে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন এবং বহুতলবিশিষ্ট সপ্তপদী মার্কেট নির্মাণে ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক এম.এস.এ. মাহমুদ।
প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক আব্দুল হাই, লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, স্বপ্ন-এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং সিপিবির বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদসহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী সঞ্চালনা করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সিটি কর্পোরেশনের সচিব মোছা. পপি খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন মাত্র তিন মাসের মধ্যেই প্রায় সাড়ে ১৪শ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণকাজ শুরু হয়েছে, যার উদ্বোধন আগামী মাসে হওয়ার কথা রয়েছে। তিনি নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গত ১৬ বছরে বগুড়ার জন্য মাত্র ৫৭ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এটি বগুড়ার প্রতি দীর্ঘদিনের অবহেলারই প্রতিফলন। তিনি জানান, প্রস্তাবিত বাজেটের বাইরে শিক্ষা খাতে অতিরিক্ত ১ কোটি টাকা এবং নারী উদ্যোক্তাদের জন্য আরও ৫০ লাখ টাকা অন্য খাত থেকে সংযোজন করা হবে। একই সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যে অস্থায়ী কর্মচারীদের ভাতা বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









