হাতে লেখা তিনটি কাগজের পাতা, পাশে একটি কলম। এই ছবি সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। সিদ্ধান্তটি যে খুব কঠিন ছিল, সেটি যেমন তুলে ধরেছেন, তেমনি বলেছেন, জাতীয় দলকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই তার।
গত জুলাইয়ে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ হয়ে থাকল এই মহাতারকার। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়কের সামাজিক মাধ্যমে দেওয়া অবসর ঘোষণার বার্তা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘ফাইনালের পর যে সময় কেটেছে এবং বিষয়টি নিয়ে অনেক চিন্তা-ভাবনা করার পর, সবাইকে জানাতে চাই যে, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...। এটা এমন এক সিদ্ধান্ত, যা কষ্ট দিয়েছে এবং এখনও অনেক কষ্ট দেয়, কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আপনাদের কাছে শপথ করে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি, শুধু এই শেষ কয়েক বছরে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও; এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে আমার সবকিছু উজাড় করে দিয়েছি, ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে।
সময় ফুরিয়ে আসছে, অধ্যায়গুলো শেষ হয়ে আসছে, আর এটা আমাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমার যা কিছু ছিল, তার সবকিছুই আমি দিয়েছি; আমার আর দেওয়ার কিছুই বাকি নেই। তাছাড়া, কিছু অসাধারণ তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে থাকার যোগ্য।
গত ২০ বছর ধরে আপনাদের দেওয়া সকল ভালোবাসার জন্য ধন্যবাদ। মাঠ থেকে আপনাদের কণ্ঠস্বর শুনতে না পারাটা আমি খুব মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে থাকব, বাইরে থেকে উৎসাহ দেব এবং সমর্থন করব (ভালো-মন্দ সব সময়ে, বিশেষ করে খারাপ সময়ে)।
সবসময় পাশে থাকার জন্য, এই সুন্দর অথচ কঠিন যাত্রাপথে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। প্রত্যেক কোচ, সতীর্থ ও কর্মকর্তাকে ধন্যবাদ, যাদের সঙ্গে আমি এই পথ পাড়ি দিয়েছি। আমি সঙ্গে নিয়ে যাচ্ছি অবিস্মরণীয় সব স্মৃতি আর মুহূর্ত।
আমি এই মানসিক শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, আমার সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছি, যা একসময় আমরা শুধু স্বপ্নই দেখতাম। আপনাদের সবার সঙ্গে এই সময়টা কাটানো ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের ভালোবাসি।
হে ঈশ্বর, আমাকে একজন আর্জেন্টাইন বানানোর জন্য ধন্যবাদ।
এগিয়ে যাও, আর্জেন্টিনা।
আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর। আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









