সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তাড়াশ পৌর সদরে পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম ও যুবদল নেতা মিলন খানের নেতৃত্বে যুবনেতা আমিন উদ্দিন, রয়েল হোসেন, আলভি, সুজন হোসেন ও সাংবাদিক সোহেল রানা সোহাগসহ বেশ কয়েকজন ৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এভাবে সমাজের প্রতিটি স্তরের সচেতন মানুষ এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করলে দেশ থেকে খুব দ্রুত মাদক নির্মূল করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









