দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে গতকাল শনিবার। হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া হয়। রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি নামের স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছিল।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে টেবিল-চেয়ার পেতে হামসহ শিশুদের নিয়মিত টিকা দেওয়া হয়। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে, স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে, ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত।
সরেজমিনে দেখা যায়, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের গেইটে ব্যানার-ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী টিকাদানকেন্দ্র। টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন স্বাস্থ্যকর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখান বিভিন্ন বয়সী শিশুদের টিকা দিতে নিয়ে আসেন অভিভাবকরা। সেখানে সন্তানকে টিকা দিতে নিয়ে আসা এক অভিভাবক বলেন, ‘আগেরবার স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে বসে টিকা দিতে পেরেছিলাম। তবে সেবাকেন্দ্রটি ভেঙে দেওয়ায় এবার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে বাচ্চার কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছে।’
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার গণমাধ্যমকে বলেন, ‘আজ থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেওয়ায় ফাঁকা জায়গায় ত্রিপল টানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে অন্যান্য স্বাস্থ্যসেবা আপাতত আগের মতো দেওয়া সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী আমাদের হামের টিকাদান কর্মসূচি চালু করেছি। সেন্টারের আশপাশের শিশুদের টিকা দিতে যেন কোনো সমস্যা না পড়ে তাই ভঙ্গুর পরিস্থিতির মধ্যেও আমাদের সেবাটা চালু রাখার চেষ্টা করছি।’
রাড্ডার কর্মকর্তারা জানান, হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলে। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ১২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১), মো. রাবিব (২০)। গতকাল দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে তারা জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেল। তাদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









