ঢাকাসহ সারাদেশে ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর মিরপুরের পল্লবীতে দুটি বাসে অগ্নিসংযোগ, পাবনা সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং নারায়ণগঞ্জে একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় মঙ্গলবার কেবল রাজধানীতেই ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার রাত থেকে গতকাল বুধবার ভোরে এসব ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ডিএমপি এলাকায় গত সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সে সময় রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। আর রাজধানীর বাইরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ১২ ঘণ্টায় সিএমপি এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এদিকে রাজধানীতে নাশকতার ঘটনায় যে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকেই ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের ভাষ্য। পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, তার পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে।
পল্লবীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাস দুটির একটি বিকল্প ও অন্যটি অভিজাত পরিবহনের। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বিকল্প পরিবহনের বাসটির সব আসন ও বডি পুড়ে যায়। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কভার পুড়ে যায়। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল বুধবার সকাল ৬টার পর মিরপুরের ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, ‘সকালের বৃষ্টির মধ্যে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করতে পেরেছি। আশা করি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে।’
পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
পাবনা সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দোগাছি বাজারে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়। গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আসাদুজ্জামান বলেন, ‘একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। তারা প্রথমে কার্যালয়ের প্রধান সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়; এরপর থাইগ্লাস ভাঙচুর করে। ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে পুরো অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের অন্যান্য কর্মী ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে জানিয়ে এজিএম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে খবর পেয়ে রাতেই পাবনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল বুধবার সকালে পুলিশের আরেকটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জে থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে গেছে। তবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জনকে আটকের খবরও দিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
৩ দিনের রিমান্ডে আটক শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন। বিচারিক বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন এ তথ্য দিয়েছেন।
রিমান্ডে নেওয়া শিক্ষার্থী হলেন মো. রেজওয়ান আহম্মেদ (২৪)। ঔ শিক্ষার্থীকে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দাবি করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল এদিন রেজওয়ানকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, ছাত্রলীগ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দেশকে অস্থিতিশীল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রলীগকে উজ্জীবিত করার জন্য কর্মসূচি দিয়ে আসছে। এ আসামিকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। তিনি বলেন, ঘটনা কথা বলা হয়েছে সন্ধ্যা ৭টা আর ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে রাত ১১টায়। তাহলে এই ৪ঘন্টা আসামি কোথায় ছিলেন। এ আসামি পরীক্ষা দেন ঐ দিন। পরে তাকে মব করে মারধর করা হয় এবং পুলিশে দেওয়া হয়।
তিনি বলেন, তাহলে কী এই আসামি ৪ ঘণ্টা ককটেল পকেটে নিয়ে ঘুরছিলেন? মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চলছে। তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। এ অবস্থায় ঐ ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে রেজওয়ানকে মব করে পুলিশে দেন সুমনসহ ছাত্রদল নেতারা। শুনানি নিয়ে আদালত রেজওয়ানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
রেজওয়ানকে আটকের পর সোমবার রাতে কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, সে দিন রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের পাকা রাস্তার ওপর ১টি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন। মামলায় দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান স্বীকার করেছেন এজাহারে নাম থাকা ও অজ্ঞাতনামা অন্য আসামিরা ‘দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









