আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সহনীয় রাখতে নজিরবিহীন ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। সরকার বলছে, রমজান কিংবা এর আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি বা সংকটের আশঙ্কা নেই; কারণ পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে আমদানির পাইপলাইন ইতোমধ্যে সমৃদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যও এই আশাবাদের পক্ষে জোরালো সমর্থন জোগায়—যেখানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের মতো অতিপ্রয়োজনীয় পণ্যগুলোর আমদানি ও এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাজারের ওপর কৃত্রিম চাপ কমাতে এবং আমদানিকারকদের পথ সুগম করতে বাংলাদেশ ব্যাংকও নিয়েছে দারুণ এক কৌশলগত উদ্যোগ। চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
একই সঙ্গে ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়ায় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের মূলধনের ওপর বাড়তি চাপ তৈরি হবে না। একদিকে বিশ্ববাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ ও শুল্ক কাঠামো যৌক্তিক করার প্রস্তুতি, অন্যদিকে স্থানীয় বাজারে ডিম, মুরগি ও মসুর ডালের দাম হ্রাসের ইতিবাচক ধারা—সব মিলিয়ে আসন্ন রমজানে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক এক বাজার ব্যবস্থার জোরালো ইঙ্গিতই দিচ্ছে।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে পণ্যের সংকট এড়াতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত মজুত রয়েছে। ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। ফলে রমজান কিংবা এর আগে-পরে বাজারে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় এবং দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।
পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া যায়নি। তবে কোনো আমদানিকারক ঋণপত্রের মার্জিন বা অন্য কোনো ব্যাংকিং জটিলতায় পড়লে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।
তিনি বলেন, আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
জানা গেছে, প্রতিবছর পবিত্র রমজান মাসে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। রমজানে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। ইফতার ও সাহ্রিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফলের শরবত, মিষ্টিসহ ভারী খাবারের আয়োজন বাড়ে। ফলে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও মসলার ব্যবহার বেড়ে যায়। এই মাসে পরিবার ও করপোরেট পর্যায়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করা হয়, যা পাইকারি ও খুচরা বাজারে অতিরিক্ত চাহিদার চাপ তৈরি করে।
রমজানের শুরুতেই একসঙ্গে কিছুটা বেশি পরিমাণে পণ্য কিনে ঘরে রাখার একটি সাধারণ প্রবণতা ভোক্তাদের মধ্যে দেখা যায়, যা বাজারে সাময়িকভাবে অতিরিক্ত চাহিদার সৃষ্টি করে। আর পবিত্র মাহে রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরের আমদানি এবং ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ এসব নিত্যপণ্যের আমদানি বৃদ্ধির ফলে রোজায় বাড়তি চাহিদা মোকাবিলায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাজারে ডিম, ব্রয়লার মুরগি ও মসুর ডালের দাম কমেছে এবং ভোজ্যতেল ও চিনির দাম স্থিতিশীল রয়েছে। তবে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও শুল্ক কাঠামোর বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন উপস্থাপিত তথ্য-উপাত্তে এসব চিত্র উঠে আসে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এ সময়ে মোট ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ দশমিক ২৩ লাখ মেট্রিক টন, যা গত বছরের ৭ দশমিক ০৫ লাখ মেট্রিক টনের তুলনায় ১ দশমিক ১৮ লাখ মেট্রিক টন বেশি। ভোজ্যতেলের এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ লাখ মেট্রিক টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩১ লাখ মেট্রিক টন বেশি। এছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ দশমিক ০১ লাখ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ১ দশমিক ১৩ লাখ মেট্রিক টন বেশি। চিনি আমদানি হয়েছে ৬ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন বেশি। চিনির এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৮ দশমিক ১০ লাখ মেট্রিক টনে।
রমজানে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরে অক্টোবর পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন, যেখানে গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ০ দশমিক ১২ লাখ মেট্রিক টন। অর্থাৎ আমদানি বেড়েছে ০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন। এ সময়ে ছোলার এলসি খোলা হয়েছে ১ দশমিক ৩৮ লাখ মেট্রিক টন। অন্যদিকে, মসুর ডাল আমদানি হয়েছে ১ দশমিক ২২ লাখ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন বেশি। মসুর ডালের এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৪ লাখ মেট্রিক টনে। খেজুর আমদানি হয়েছে ০ দশমিক ১১ লাখ মেট্রিক টন, যেখানে গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ০ দশমিক ০৪ লাখ মেট্রিক টন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে খুচরা পর্যায়ে ডিমের দাম ৭ দশমিক ৬২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকায়। একই সময়ে ব্রয়লার মুরগির দাম ২ দশমিক ৬৩ শতাংশ কমে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় নেমেছে। বড় দানার মসুর ডালের দাম গত এক মাসে ২ দশমিক ৫৬ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি কেজি বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। মাঝারি দানার মসুর ডালের দামও গত বছরের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৪ টাকা এবং পাঁচ লিটারের বোতল এক হাজার টাকায় স্থিতিশীল রয়েছে। চিনির দাম প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে অপরিবর্তিত আছে। সাধারণ মানের খেজুর মানভেদে প্রতি কেজি ৩৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত এক মাস ধরে স্থিতিশীল রয়েছে।
বিভিন্ন দেশ থেকে আমদানি করা খেজুরের জাত, গুণগত মান ও মূল্যের পার্থক্য বিবেচনায় শুল্ক কাঠামো সহজ, স্বচ্ছ ও যৌক্তিক করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। মিশর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়। এসব পণ্যের বৈচিত্র্যের কারণে একই ধরনের মূল্যায়ন পদ্ধতিতে জটিলতা তৈরি হতে পারে। তাই আমদানিকারকদের জন্য সহজবোধ্য ও বাস্তবসম্মত শুল্কব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শুল্ক নির্ধারণের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্ব হলেও এ ক্ষেত্রে কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় করা হচ্ছে।
খেজুরের প্রচলিত শুল্ক সুবিধা দ্রুত কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সুবিধা বাস্তবায়নের প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি খেজুরের নির্দিষ্ট মূল্য ধরে শুল্কায়নের পরিবর্তে প্রকৃত গুণগত মান ও মূল্যের ভিত্তিতে কর নির্ধারণের প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, সাধারণ মানের খেজুরের ক্ষেত্রে বাস্তব আমদানি মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন না হলে শুল্ক ও আমদানি ব্যয় বেড়ে যায়। এর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি, বিকল্প পরিবহনপথ ব্যবহার, বাড়তি লজিস্টিক ব্যয় এবং এলসি খোলার জটিলতা যুক্ত হয়ে বাজারে পণ্য সরবরাহের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ফল আমদানিকারকরাও উচ্চ করহারের কারণে সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় ফল আমদানির কর কাঠামো আরও সহনশীল করার দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
পোলট্রি খাত সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খামার পর্যায়ে ডিমের দাম কিছুদিন আগের প্রতি পিস সাড়ে ১১ টাকা থেকে কমে ১০ টাকার নিচে নেমেছে, যা উৎপাদন খরচের কাছাকাছি। খামারে রোগবালাইয়ের উল্লেখযোগ্য প্রকোপ না থাকায় উৎপাদন ও সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা নেই বলে তারা জানান। তাদের মতে, রমজানে সকালের নাশতার ধরনে পরিবর্তনের কারণে ডিমের চাহিদা কিছুটা কমতে পারে। তবে ঈদের পর মুরগির চাহিদা বাড়তে পারে, যা বাজারদরে প্রভাব ফেলতে পারে। তারা আরও জানান, বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী সরকারের বিশেষ অনুমতি ছাড়া ডিম ও মাংস আমদানি করা যায় না।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যালোচনায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল ও ছোলার দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও মসুর ডালের দাম কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি, আমদানি ব্যয় এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর নজর রাখা প্রয়োজন। ছোলা ও মসুর ডাল আমদানিতে বর্তমানে শুল্ক-কর নেই। তবে চিনি ও ফল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক কাঠামো পর্যালোচনা করে যৌক্তিক সমন্বয় করা গেলে বাজারে দাম সহনীয় রাখতে সহায়ক হতে পারে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারে তাজা ফলের দামও কিছুটা কমেছে বলে পর্যালোচনায় উঠে আসে। সামগ্রিকভাবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও এলসি খোলার পরিমাণ বৃদ্ধি, স্থানীয় বাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমে আসা এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার প্রত্যাশা আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
এদিকে আসন্ন রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ এবং বাজারমূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবৃদ্ধি ঠেকানো গেলে ভোক্তারা অপেক্ষাকৃত সহনীয় দামে এসব পণ্য পাবেন। গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যে ১০টি পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সহজ কথায় বলা যায়, এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আমদানিকারককে ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা সিকিউরিটি জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়।
এটি সাধারণত মোট এলসি মূল্যের একটি নির্দিষ্ট শতকরা হার হয়ে থাকে। যেমন মার্জিন ১০০ শতাংশ হলে আমদানির সমপরিমাণ অর্থই নগদ জমা দিয়ে এলসি খুলতে হয়। মার্জিন ন্যূনতম বা শিথিল হলে খুব অল্প পুঁজি বা ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে কম নগদ জমার মাধ্যমেই এলসি খোলা সম্ভব হয়। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন কম থাকলে ব্যবসায়ীদের নিজস্ব মূলধনের ওপর বাড়তি চাপ পড়ে না। এর ফলে ছোট ও মাঝারি আমদানিকারকসহ অনেকেই সহজে বেশি পরিমাণে পণ্য আমদানির সুযোগ পান, যা বাজারে পণ্যের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অপর দিকে নগদ মার্জিন ১০০ শতাংশ বা উচ্চহারে নির্ধারিত থাকলে ব্যবসায়ীদের বড় অঙ্কের নগদ অর্থ ব্যাংকে আটকে যায়। এতে আমদানিকারকদের ঋণপত্র খোলার সক্ষমতা কমে যায়, যার ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে কৃত্রিম সংকট এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









