জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শেষ হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার তুরস্কের আনতালিয়ায় স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা।
বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সেখানকার লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার স্থানীয় সময় রাতে ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান। সরকারপ্রধান এ সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তাঁদের মধ্যে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন তিনি।
এবারের কপ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে দেশটি।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের উপপ্রধান ড. সাইমুম পারভেজ জানান, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।
সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের বদলে অনুদানভিত্তিক হওয়া উচিত। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়—এমন দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো ন্যায়সঙ্গত নয়। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এসব দেশের সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে যাওয়ার পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।
সাইমুম পারভেজ জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য উদাহরণ হতে পারে।
বিশ্ববাজারে পাট ও পচনশীল পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনার কথাও তুলে ধরেন সাইমুম পারেভজ। তিনি জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারের জন্য একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কার্বণ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন নিবন্ধনব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় দেশ হিসেবেও বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, কপ৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও বাংলাদেশ প্রতিনিধিদলের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
এদিকে, আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন সরকার প্রধান। মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তারেক রহমান।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। বৈঠকে তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান শিপলু জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। বৈঠক শেষে রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের রাষ্ট্রপতি রেচেপ তাইয়িপ এরদোগানের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
জুবাইদা- এমিনে বৈঠক
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই মঙ্গলবার রাতে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্টলেডির বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেন এমিনে এরদোয়ান। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে তুরস্কের ফার্স্টলেডি বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের যেসব স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো তুলে ধরেন। এছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খালখনন কর্মসূচি সম্পর্কে তিনি তুরস্কের ফার্স্টলেডিকে অবহিত করেন। এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি।
নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে তিনি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্টলেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









