তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় বৈঠক হঠাৎ স্থগিতের জেরে ফুঁসে উঠেছেন পোশাকশ্রমিকরা। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের আন্দোলন-বিক্ষোভে উত্তাল বিভিন্ন শিল্পাঞ্চল। গতকাল মঙ্গলবার গাজীপুরের কয়েকটি এলাকা, ঢাকার মিরপুর ও সাভার-আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। গাজীপুরে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহে নতুন করে দুই প্লাটুনসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি এবং গাজীপুরে আরো আট প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সাভারে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে ২৩টি মামলা দিয়ে এ পর্যন্ত ১৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছিল। এর সঙ্গে আগের কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষাপটে অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির আরো তিনটি দাবি যুক্ত হয়েছে। আন্দোলনের মুখে ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।
অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছিল এক সপ্তাহ। সে সময় নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছিলেন, ‘মালিকপক্ষকে চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এ লক্ষ্যে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার শিল্পাঞ্চলগুলো।
গাজীপুরে আহত ২০
গতকাল সকাল থেকে গাজীপুরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর সোয়া ১২টার দিকে অন্য শ্রমিকরাও সদর উপজেলার ভবানীপুর থেকে মিছিল শুরু করেন। নাওজোড় এলাকায় শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন। এতে সব সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে, ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সরে যেতে রাজি হননি। পরে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এক স্থান থেকে তাদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার সড়কে অবস্থান নেওয়ায় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ওই সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের যেসব পোশাক কারখানা রয়েছে সেসব কারখানার গেটে গিয়ে ইটপাটকেল ছোড়েন। এ অবস্থায় ৭০টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
এরপর দুপুর তিনটার দিকে বাঘের বাজার, মেম্বারবাড়ী. শিরিরচালা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। হঠাৎ মিছিল নিয়ে তাদের অবরোধে মহাসড়কটিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মহাসড়কটির শ্রীপুরের সিএনবি বাজার এলাকায়ও শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা যানবাহন ভাঙচুর শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। বিকেল পৌনে পাঁচটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক আছে। বাঘের বাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
৭০টি কারখানায় ছুটি ঘোষণা
সাধারণ ছুটি ঘোষণা দেওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২, জারমস ইন্ডাস্ট্রিস লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএস সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, ওরিয়েন্ট সোয়েটার, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি এবং ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, টঙ্গী এলাকার কনচেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, বারাকা ফ্যাশন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি.এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা অ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাশনওয়্যার লিমিটেড, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস, শ্রীপুরের এমএইচসি গার্মেন্টস, মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা।
সাভারে মাঠে বিএনপিও
কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ন্যূনতম মজুরির আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল সকাল থেকেই শ্রমিকদের সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এই দুই শিল্পাঞ্চলে চরম উত্তেজনা তৈরি হয়। খেজুর বাগান-নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার খবরও পাওয়া গেছে। এর মধ্যে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগদান না করে রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতেও শ্রমিকরা সড়ক না ছাড়লে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে শ্রমিকরা বাগবাড়ি ও পদ্মার মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সেখানেও শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ফের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকেরা ওই সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিজিবি সদস্যরাও এসে তাঁদের সড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকেরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে আইনশৃখলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
অন্যদিকে, সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুপুর সোয়া ১২টার দিকে হেমায়েতপুরে অবরোধ চলাকালে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে ঢাকা–আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। তিনি বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে টহলে আছে বিজিবি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করলেও কিছু কারখানার শ্রমিকরা বাহিরে বেরিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান-নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও জানান এই শ্রমিক নেতা।
মিরপুরেও টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর মিরপুরেও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে কয়েকশ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যেতে বারবার অনুরোধ করা হয়।’ তিনি বলেন, ‘শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। অন্যদিকে, মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায়ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে ৪২ প্লাটুন আর নতুন করে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল বিজিবির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা ৪২ প্লাটুনের মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত আছে। এতে ড্রোনসহ উন্নত প্রযুক্তি বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্য বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সেখানেও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে করছে। ৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল বলেন, সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে আরো ৮ প্লাটুন আনসার
গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরো আট প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। গাজীপুরে এ নিয়ে গত ৪ নভেম্বর থেকে মোট ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হল।
গতকাল বিকালে আনসার বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এ উদ্যোগের মূল লক্ষ্য। গত ৪ নভেম্বর থেকে ছয় প্লাটুন আনসার সদস্য গাজীপুরে সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে চলেছেন। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে আনসার। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে চার প্লাটুন এবং গোপালগঞ্জে আট প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সাভার-আশুলিয়ায় ১৫৫ শ্রমিক গ্রেফতার
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দুই থানায় ২৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫৫ জনকে। এছাড়া মামলাগুলোতে ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৩ হাজার ৩৬০ থেকে ১৫ হাজার ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ১১টি মামলায় ১১৭ জন এবং আশুলিয়া থানায় ১২টি মামলায় ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানা-পুলিশের দেওয়া তথ্য অনুসারে, সাভার মডেল থানায় শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তিনটি ককটেল, পেট্রোলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সংবাদ সম্মেলনে বলেন, পোশাকশিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় করা মামলাগুলোতে এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ পোশাক শ্রমিক নন, তারা সবাই বহিরাগত। নাশকতার উদ্দেশ্যে তারা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন বলে জানান তিনি। ওসি বলেন, শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন হলেও এর পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উসকানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে
ওসির দাবি, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে সহিংসতায় উসকানি দেয়। আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার অভিযোগে এই ১১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। তিনি বলেন, ‘আন্দোলনের পেছনে থাকা উসকানিদাতা, ইন্ধনদাতা ও মূল হোতাদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালন করছে জানিয়ে ওসি আরও বলেন,‘অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









