ভবন নির্মাণ শেষ হয়েছে চার বছর আগে। এরপর একের পর এক এসেছে হাসপাতাল চালুর ঘোষণা। কখনো এক সপ্তাহ, কখনো আগস্ট, আবার কখনো অক্টোবরে উদ্বোধনের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কোনো ঘোষণাই বাস্তবে রূপ নেয়নি। বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটির দরজা এখনো খোলেনি রোগীদের জন্য। ভবন নির্মাণ শেষ হলেও হস্তান্তর, চিকিৎসা সরঞ্জাম স্থাপন ও জনবল নিয়োগের জটিলতায় আটকে আছে চিকিৎসাসেবা শুরুর কার্যক্রম। ফলে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ শিশুর উন্নত চিকিৎসার প্রত্যাশা এখনো অপেক্ষার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে।
নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল অনেক। বিশেষ করে জটিল ও বিশেষায়িত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় ছুটতে হয় যেসব শিশু রোগীর স্বজনদের, তাঁদের জন্য হাসপাতালটি হওয়ার কথা ছিল বড় ভরসা। অথচ নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় চার বছর পরও সেখানে চিকিৎসাসেবা শুরুর পরিবেশ তৈরি হয়নি।
হাসপাতালটি চালুর বিষয়ে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় সময়সীমা ঘোষণা করা হয়। এপ্রিলের শেষ দিকে তৎকালীন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এরপর ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর ঘোষণা দেন। ২ জুন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও আগস্টের মধ্যে চালুর সম্ভাবনার কথা জানান।
সর্বশেষ গত ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল অক্টোবরে একযোগে উদ্বোধনের সম্ভাবনার কথা বলেন। কিন্তু অক্টোবর শেষ হয়ে নভেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও সেই ঘোষণার বাস্তবায়ন দেখা যায়নি। বরং হাসপাতালটির কার্যক্রম শুরুর আগে এখনো একাধিক প্রশাসনিক ও অবকাঠামোগত কাজ বাকি রয়েছে।
নগরীর আমানতগঞ্জ এলাকায় দুই একর জমির ওপর হাসপাতালটির নির্মাণ প্রকল্প নেওয়া হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৯ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। শেষ পর্যন্ত ২০২২ সালে ভবন নির্মাণ সম্পন্ন হয়। এরপর প্রায় চার বছর পেরিয়ে গেলেও ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা সম্ভব হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট পরিচালক মো. আকেদ হোসেন বলেন, ২০২২ সালে হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এরপর ভবন হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভবনটি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, সিভিল সার্জন নাকি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ কারণে হস্তান্তর প্রক্রিয়া আটকে আছে। প্রকল্প পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি।
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, হাসপাতালের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম আসছে। বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ শেষ হয়েছে। শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের কাজ চলছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এসি সরবরাহ ও স্থাপনের কাজ শেষ হলে তাঁদের দায়িত্বের বাকি কাজও সম্পন্ন হবে।
অবকাঠামোগত প্রস্তুতির পাশাপাশি হাসপাতাল চালুর অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনবল নিয়োগ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতাল পরিচালনার জন্য উপপরিচালক, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পরামর্শক, জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ মোট ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো তৈরি হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ৭১৫টি এবং নন-ক্যাডার পদ ৭২৫টি। জনবল কাঠামো স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেও জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন এখনো সম্পন্ন হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানান, জনবল নিয়োগের আগে তিনটি প্রধান মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রশাসনিক অনুমোদন নিতে হবে। এরপর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এত বড় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে তাঁরা মনে করছেন না।
তবে হাসপাতালটি চালুর প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের নির্দেশনায় হাসপাতালটির কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ভবনের কাজ শেষ হয়েছে এবং আসবাবপত্রও এসেছে। নার্স, আনসার ও অন্যান্য কর্মীর পদ সৃজন হয়েছে। জনবল নিয়োগের প্রক্রিয়াও কাছাকাছি পর্যায়ে রয়েছে। শিগগিরই হাসপাতালটির কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তাঁরা।
তবে বাস্তবতা হচ্ছে, নির্মাণকাজ শেষ হওয়ার চার বছর পরও হাসপাতালটির হস্তান্তর সম্পন্ন হয়নি। জনবল নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়াও শেষ হয়নি। ফলে একের পর এক উদ্বোধনের সময় ঘোষণা এলেও চিকিৎসাসেবা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো অনিশ্চিত।
দক্ষিণাঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি চালু না হওয়ায় দীর্ঘ হচ্ছে অপেক্ষা। এখন প্রশ্ন, আর কত ঘোষণা ও আশ্বাসের পর বাস্তবে চালু হবে বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








