ময়মনসিংহ নগরে বালু ব্যবসার বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত যুবলীগকর্মী মেহেদী হাসানকে (৩১) দাফন করা হয়েছে তাঁর নানার বাড়িতে। স্ত্রীর অভিযোগ, পৈতৃক ভিটায় স্বামীর মরদেহ দাফন করতে বাধা দেওয়ায় বাধ্য হয়ে নানার বাড়িতে তাঁকে দাফন করতে হয়েছে। তবে স্বামী হত্যার ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন স্ত্রী মীম আক্তার।
নিহত মেহেদী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন। তাঁর চার বছর বয়সী মেয়ে মেহজাবিন রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মেহেদীর স্ত্রী মীম আক্তার বলেন, ‘আমার স্বামীকে তাঁর নিজ বাড়িতে দাফন করতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাঁর নানার বাড়িতে দাফন করা হয়েছে।’ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা করবেন না বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ময়নাতদন্ত শেষে মেহেদীর মরদেহ তাঁর স্ত্রী মীম আক্তারের কাছে হস্তান্তর করে পুলিশ। গত সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের মর্গে মরদেহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম জানান, সোমবার ভোররাতে মেহেদীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেদিন সারাদিন কেউ মরদেহ নিতে না আসায় রাতে তা হিমঘরে রাখা হয়। মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী মরদেহ নিতে আসেন। পরে ময়নাতদন্ত শেষে বিকেল সোয়া ৪টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় মেহেদীর এক চাচাতো ভাইও উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। তাঁদের থানায় যোগাযোগ করতে বলা হলেও তাঁরা আর যাননি। ওই সময় তাঁদের কেউ মুঠোফোন নম্বর বা পরিচয় দেননি।
মেহেদীর স্বজনদের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ্জামান (৩৫)। ওই সময় তিনি নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাত করা হয়।
এ হত্যাকাণ্ডের পর রোববার রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ্জামানও নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবু বক্কর সিদ্দিক। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
সুরুজ্জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেল সোয়া ৪টার দিকে মেহেদীর স্ত্রী মরদেহ নিয়ে গেছেন। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।
এক রাতের ব্যবধানে দুই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সুরুজ্জামান হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মেহেদী হাসানের পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








