ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে সকাল থেকেই গাজীপুর মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা।
বুধবার সকালে নতুন করে বিক্ষোভ শুরু হলে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।
অন্যদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সংঘর্ষে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








