বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। তাঁর যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে এনামুল হক সালাম হাওলাদার বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা, আদর্শ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শ তাঁকে আকৃষ্ট করেছে। পাশাপাশি বরগুনার দুটি আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তাঁর পছন্দ বলে জানান তিনি।
এ বিষয়ে বেতাগী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন বলেন, এনামুল হক সালাম হাওলাদার একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। তাঁর স্ত্রী জামায়াতের রোকন এবং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভানেত্রী।
তিনি আরও বলেন, সালাম হাওলাদারের জামায়াতে যোগদানের মধ্য দিয়ে মোকামিয়া ইউনিয়নকে ন্যায়ভিত্তিক ও হিংসামুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাঁদের।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








