মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার কারণে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে।
সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ১০ ডলারে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমাধানের বিষয় রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে সাধারণত জ্বালানি তেলের দামও বেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা দেখা দিলে বাজারে উদ্বেগ আরও বাড়ে।
তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। এতে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও কিছুটা কমেছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









