পচা মরিচ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ শুকানো ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলিফ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার ফরিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। পাশাপাশি পচা মরিচ ব্যবহার ও অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক লিটন মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে দ্রুত প্রয়োজনীয় সব লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









