যশোরের বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর থেকে মালামাল পরিবহন বন্ধ রাখেন ট্রাকশ্রমিকেরা। এতে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হয়।
দুপুরে বেনাপোল কাস্টম হাউসের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ট্রান্সপোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মাখন। বক্তব্য দেন মাশয়ার রহমান, মুসা করিম ও রিপন হোসেনসহ সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংগঠনের সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
আতিকুজ্জামান সনি বেনাপোল পৌর বিএনপির সহসভাপতিও। তার ও বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির ৭০০-এর বেশি সদস্য রয়েছেন। সদস্যদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে গঠিত কল্যাণ তহবিল থেকে মৃত্যুকালীন দুই লাখ টাকা এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সংগঠনের কার্যক্রম নিয়ে সদস্যরা সন্তুষ্ট বলেও দাবি করেন তারা।
সমাবেশে মোস্তাক আহমেদ মাখন বলেন, সংগঠনকে নিয়ে ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে আবু তাহেরকে ১৫ দিনের মধ্যে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে বন্দর থেকে মালামাল পরিবহন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাদের দাবির সঙ্গে আরও দুটি সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলে জানান তারা।
সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









