টানা দুই কার্যদিবসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও কিছুটা বেড়েছে।
বুধবার (৫ আগস্ট) গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা কতটা এগোচ্ছে, সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা। এ কারণে আপাতত আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছে কাতার। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে; তবে তেহরান তা অস্বীকার করেছে।
কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









