ইউরোপের অন্যতম বৃহৎ পোশাক ও টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১২টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান।
তিন দিনব্যাপী এই মেলা গতকাল প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছেন ১২টি প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি।
এ ছাড়া ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও মেলায় অংশ নিয়েছে।
মেলার প্রথম দিন বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্বের পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও কাপড় সরবরাহকারী, প্রযুক্তি উদ্ভাবক, খুচরা বিক্রেতা ও ক্রেতা, বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সংযুক্ত করার অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক প্রস্তুতকারক ও সরবরাহকারীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশ এবং নতুন ব্যবসা ও পণ্য সংগ্রহের সুযোগ তৈরিতেও এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, মূল্য সংযোজিত তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
একই সঙ্গে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাও এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।
এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা, পণ্যের গুণগত মান ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে। বিশ্বব্যাপী ফ্যাশন ও পোশাকশিল্পের পরিবর্তনশীল চাহিদা পূরণে বাংলাদেশের প্রস্তুতিও তুলে ধরা হবে মেলায়।
মেলার প্রথম দিন ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
মেলার দ্বিতীয় দিন আজ ১ সেপ্টেম্বর তিনি ফ্রান্সের প্রসিদ্ধ পোশাক ব্র্যান্ড সেলিওর প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া তিনি প্রিমিয়ের ভিশন প্যারিস মেলাও পরিদর্শন করবেন।
আগামী ২ সেপ্টেম্বর ইপিবির ভাইস চেয়ারম্যান বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিস এবং রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এরপর ৩ সেপ্টেম্বর তিনি ব্যুরো ইন্টারন্যাশনাল দে এক্সপোজিশনসের মহাসচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রধানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্যারিসের এই মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড, নরবান কমপটেক্স লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লিমিটেড, ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নিট কম্পোজিট, ডুকাতি অ্যাপারেলস লিমিটেড, কোরাস ফ্যাশন লিমিটেড, বেঙ্গল গ্লোরি লিমিটেড ও সিয়াম ফেব্রিক্স লিমিটেড। বাসস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









