দেশের বাজারে চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার গহনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গত ১৩, ২২, ২৩ ও ২৫ অক্টোবর টানা চার দফায় সোনার দাম কমানো হয়েছিল। ওই চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমেছিল। সর্বশেষ ২৫ অক্টোবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









