টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য ক্যারেটের সোনা ও রুপার দামও।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনায় ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









