বাংলাদেশের পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিশ্ববাজারের সাথে দেশীয় উদ্যোক্তাদের যোগসূত্র তৈরি করতে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ -উইন্টার এডিশন’। একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী দুটির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং চীনের সিসিপিআইটি টেক্সের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেইজিং থেকে যুক্ত হন সিসিপিআইটি টেক্সের সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন।
মেহেরুন এন. ইসলাম বলেন, ‘এই প্রদর্শনী ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য একটি কার্যকর মিটিং প্লেস। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে।’
প্রদর্শনীতে সুতা, ফেব্রিক, ট্রিমস, এক্সেসরিজ এবং ডেনিম শিল্পের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। এটি মূলত দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতির অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়ে থাকে। সেমস-গ্লোবাল ইউএসএ: ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চাইনিজ টেক্সটাইল ও পোশাক শিল্পের সঙ্গে বৈশ্বিক ব্যবসায়িক যোগাযোগের অন্যতম মাধ্যম। ৪ দিনব্যাপী এই প্রদর্শনীটি সংশ্লিষ্ট শিল্পের ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রবেশের জন্য আগ্রহী দর্শনার্থীদের অনলাইন বা সরাসরি নিবন্ধন সম্পন্ন করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









