রাজধানীর ধানমন্ডি ৩২-এ পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকাল’র রিপোর্টার মাহফুজুর রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (কুবি প্রেস ক্লাব)।
বুধবার (২৪ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা গেছে যে, রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমানের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা চালায়। এতে তিনি আহত হন। একজন কর্মরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং অত্যন্ত নিন্দনীয়।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ সংগ্রহ ও প্রচারের মতো মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত কাজে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশকে বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে আহত সাংবাদিক মাহফুজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে অবস্থান করবে এবং দেশের সকল গণমাধ্যমকর্মীর নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষায় সোচ্চার থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ জুন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি মিছিল শেষে প্রেস ব্রিফিংয়ে সময় জামায়াতের নেতাকর্মীরা মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









