বিশ্বকাপ সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আর্জেন্টিনার জয়ের পর তাদের মধ্যকার মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দেন জয়। সেখানে আলবিসেলেস্তেদের করা গোলগুলোর সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে আলোচিত ‘চাবুক’ প্রসঙ্গের তুলনা টানেন তিনি।
ম্যাচ শেষে জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে হাজারো মন্তব্য জমা হয়।
এই খুনসুটির সূত্রপাত অবশ্য আরও আগে। ব্রাজিল সমর্থক ওমর সানী ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি ভিডিও বক্তব্য দেওয়ার পর তা নিয়ে কৌতুক করেন জয়। এর জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই আলোচিত ‘চাবুক’ প্রসঙ্গ টেনেই আর্জেন্টিনার জয়ের পর নতুন করে খোঁচা দেন জয়। তার ইঙ্গিত ছিল, আর্জেন্টিনার গোলগুলোও ছিল ঠিক তেমনই নিখুঁত ও জোরালো—যেন ‘তুলার’ নয়, একেবারে ‘অরিজিনাল’ চাবুকের আঘাত।
জয়ের পোস্টের পর নেটিজেনরাও মেতে ওঠেন রসিকতায়। মন্তব্যের ঘরে একজন লেখেন,‘এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবে?’ একই ধরনের মন্তব্য করেছেন আরও অনেকেই।
ফুটবল উন্মাদনার এই রাতে দুই তারকার এমন প্রকাশ্য খুনসুটি ভক্তদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









