ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, একটি দেশের ইতিহাস বিকৃতি ঘটানো অত্যন্ত লজ্জাজনক, যা অতীতে করা হয়েছিল। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা, সাহিত্য-সংস্কৃতি এবং অর্থনৈতিক খাতের নানা সংকট ও অব্যবস্থাপনা কাটিয়ে উঠে রাষ্ট্রের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
গতকাল বুধবার (২৪ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী দুই মহাকবির অবদান স্মরণ করে বলেন, রবীন্দ্রনাথ ছিলেন গভীর মানবতাবোধসম্পন্ন বিশ্বকবি, আর নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ইতিহাসের সঠিক উপস্থাপন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে জাতির আত্মপরিচয় সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে ওঠার নতুন সুযোগ তৈরি হয়েছে। রবীন্দ্রচর্চা অব্যাহত থাকলেও নজরুলচর্চা তুলনামূলকভাবে উপেক্ষিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই মহাকবির চিন্তা ও দর্শনকে একত্রে ধারণ করার মধ্য দিয়েই বাঙালি জাতিসত্তার পূর্ণ বিকাশ সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ। অনুষ্ঠানে প্রতি বছরের ধারাবাহিকতায় বিশিষ্ট সংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (২৫ জুন) ‘নজরুল পর্ব’ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









