জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ করা হয়। দ্বিতীয় দিনে ব্যবসায় শিক্ষা, চারুকলা ও বিভিন্ন ইনস্টিটিউটের এবং তৃতীয় দিনে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, “প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে হল আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন এবং কারাবরণও করেছেন। সাম্প্রতিক জকসু নির্বাচনের ফলাফল শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের গ্রহণযোগ্যতার প্রতিফলন।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের বাবা-মা বুকভরা স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে পাঠিয়েছেন। আমরা প্রত্যাশা করি, আপনারা সেই স্বপ্নকে ধারণ করে মেধা, মননশীলতা ও নৈতিকতার মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









