নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া, অরাজকতা এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পদযাত্রায় সংগঠনের নেতাকর্মীদের ‘বহিরাগতদের অস্ত্রের মহড়া, এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখতে চায় না,’ ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘একটা দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আরাফাত-জয়ের বিরুদ্ধে, ডাইরেক অ্যাকশন’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, সন্ত্রাসীদের স্থান ও বহিরাগতদের অস্ত্রের মহড়া এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখতে চায় না। ক্যাম্পাসে ছাত্রলীগের সকল অনুপ্রবেশ ও কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “ক্যাম্পাসের অরাজক পরিস্থিতি কাজে লাগিয়ে ছাত্রলীগ কমিটি দিয়েছে। ছাত্র রাজনীতি মানেই সন্ত্রাস, মব কালচার বা অরাজকতা নয়। ছাত্রলীগের কোনো পদচিহ্ন আমরা এই ক্যাম্পাসে দেখতে চাই না। এজন্য ক্যাম্পাস প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন, “২৪-এর জুলাই আন্দোলনে হাজারো শহীদ রক্ত দিয়েছে নিরাপদ ক্যাম্পাস ও দেশ গড়ে তোলার জন্য। নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য ছাত্রশক্তি কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ দেখলেই আমরা প্রতিহত করবো এবং প্রশাসনকেও দাবি জানাবো ছাত্রলীগের কমিটিতে থাকা সকলের ছাত্রত্ব বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









