চার্টার্ড উড়োজাহাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেগো বিমান’, ‘খেলনা’ ও ‘ক্ষুদ্রাকৃতির’ বলে মন্তব্য করায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি বিমান পরিবহন প্রতিষ্ঠান। কোম্পানিটির অভিযোগ, নোরার মন্তব্য ছিল ‘অবিবেচক ও অবমাননাকর’। তার বিপুলসংখ্যক অনুসারীর কারণে এসব মন্তব্যের প্রভাবও ব্যাপক হয়েছে এবং এতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ও বুকিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
গান্ধীনগরের আদালতে মামলাটি করেছে ‘ডিউনস এভিয়েশন’। সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
কী বলেছিলেন নোরা?
মামলার নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ‘ডিউনস এভিয়েশন’র একটি উড়োজাহাজে ছিলেন নোরা ফাতেহি।
ফ্লাইট চলাকালে তিনি উড়োজাহাজটির ভেতরের ভিডিও ধারণ করেন। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন। সেখানে উড়োজাহাজটিকে ‘ক্ষুদ্রাকৃতির’, ‘খেলনা’ এবং ‘লেগো বিমান’ হিসেবে বর্ণনা করেন তিনি।
‘ডিউনস এভিয়েশন’র দাবি, নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় তার মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে যাত্রীদের মধ্যে উড়োজাহাজটির নিরাপত্তা ও মান নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং একাধিক বুকিং বাতিল হতে শুরু করে।
বুকিং কমেছে ১৫ থেকে ২০ শতাংশ
কোম্পানিটি আদালতে জানিয়েছে, নোরার মন্তব্যের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বাতিলের সংখ্যাও বেড়েছে।
মামলার নথিতে নোরার মন্তব্যকে ‘অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন এবং প্রযুক্তিগত জ্ঞান, যাচাই বা বাস্তব তথ্যের ভিত্তি ছাড়া করা’ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
‘ডিউনস এভিয়েশন’র দাবি, অভিনেত্রীর বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর কারণে তার বক্তব্য প্রতিষ্ঠানের সুনাম, ব্যবসায়িক ভাবমূর্তি ও বাণিজ্যিক কার্যক্রমে গুরুতর ক্ষতি করেছে।
কোম্পানির দাবি, উড়োজাহাজটি ছিল সম্পূর্ণ অনুমোদিত
‘ডিউনস এভিয়েশন’ জানিয়েছে, যে উড়োজাহাজ নিয়ে নোরা মন্তব্য করেছেন, সেটি ওই যাত্রার জন্য যথাযথ আকারের এবং স্বাভাবিক মানের একটি উড়োজাহাজ।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ’র অনুমতির আওতায় পরিচালিত হচ্ছিল।
অর্থাৎ, কোম্পানির দাবি—নোরার মন্তব্যের বিপরীতে উড়োজাহাজটি অনিরাপদ বা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল না।
ক্ষতিপূরণের পাশাপাশি প্রকাশ্য ব্যাখ্যার দাবি
৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি‘ডিউনস এভিয়েশন’ আদালতের কাছে আরও কয়েকটি নির্দেশনা চেয়েছে।
এর মধ্যে রয়েছে—
- সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজটি নিয়ে নোরার করা মন্তব্য ও সংশ্লিষ্ট সব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা;
- ওই মন্তব্য বা উড়োজাহাজ-সংক্রান্ত সব পোস্ট ও ভিডিও মুছে দেওয়ার নির্দেশ;
- নোরা ফাতেহির পক্ষ থেকে প্রকাশ্যে একটি ব্যাখ্যা বা স্পষ্টীকরণ প্রকাশের নির্দেশ।
তবে মামলায় কোম্পানির করা অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২৫ সেপ্টেম্বর শুনানির পর মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









