বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং তাদের জন্য নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একদল শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘মাইন্ডব্লুম’। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই সংগঠনটির মূল লক্ষ্য।
উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে নতুন পরিবেশ, একাকিত্ব, পড়াশোনার চাপ এবং সামাজিক ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকেই নিজের অনুভূতি প্রকাশ বা সহায়তা চাওয়ার মতো বিশ্বস্ত কাউকে খুঁজে পান না। সেই প্রয়োজন থেকেই ‘মাইন্ডব্লুম’-এর যাত্রা।
তাদের ভাষ্য, সংগঠনটি শিক্ষার্থীদের কথা শোনা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করবে।
এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত উন্মুক্ত আলোচনা আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। পাশাপাশি গোপনীয়ভাবে ব্যক্তিগত সমস্যার কথা জানাতে পারবেন এমন ব্যবস্থাও রাখা হবে বলে জানা তারা।
এ ছাড়া মানসিক স্বাস্থ্যবিষয়ক তথ্য, ইতিবাচক বার্তা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেমিনার, কর্মশালা, সচেতনতামূলক প্রচারাভিযান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনে মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করা ব্যাপারে কাজ করবেন বলে জানান মাইন্ডব্লুম।
উদ্যোক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষের কথা মন দিয়ে শোনার মতো একজন মানুষ প্রয়োজন। আমরা এমন একটি বিচারহীন, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন, প্রয়োজনীয় সমর্থন পাবেন এবং মানসিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবেন।
প্রকল্পটির সহ-প্রতিষ্ঠাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিয়া, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া হ্যাপী এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুশদানিয়া বুশরা।
সহ-প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেক নবীন শিক্ষার্থী নতুন পরিবেশ, পড়াশোনার চাপ, একাকিত্ব ও মানসিক উদ্বেগের মুখোমুখি হয়। কিন্তু অধিকাংশ সময় তারা নিজের অনুভূতি প্রকাশ বা সহায়তা চাওয়ার মতো নিরাপদ জায়গা পায় না। এই বাস্তবতা থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তার পথ সহজ করতে আমরা ‘মাইন্ডব্লুম’-এর কার্যক্রম শুরু করেছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









