যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে একটি বাড়িতে বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ বন্দুক হামলার বিস্তারিত তুলে ধরে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, ৪৫ বছর বয়সী ওই বন্দুকধারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, ‘কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি মর্মান্তিক দৃশ্য।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। লোরাহ জানান, বন্দুকধারীসহ মোট নিহতের সংখ্যা নয়জন। নিহত আটজন একই পরিবারের সদস্য এবং অন্যজন ওই পরিবারের বন্ধু।
তিনি বলেন, বন্দুকধারী বাড়িতে প্রবেশের পর বাইরে বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন বিচলিত অবস্থায় দেখা যায়। তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-ওদিক হাঁটছিলেন। পরে পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায় পুলিশ।
ইরির মেয়র ডারিয়া ডেভলিন বলেন, পুলিশ বিভাগ একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং অকল্পনীয় পরিস্থিতি সামলেছে। সাহস ও পেশাদারত্বের সঙ্গে পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করেছেন।
এর আগে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি মেয়র ডেভলিনের সঙ্গে কথা বলেছেন এবং মর্মান্তিক এ বন্দুক হামলার পর সহায়তার প্রস্তাব দিয়েছেন।
শাপিরো দীর্ঘদিন ধরে অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে যৌক্তিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। ২০২৪ সালে তিনি পেনসিলভানিয়ার আইনসভাকে অস্ত্র নিয়ন্ত্রণে সংস্কার আনার আহ্বান জানান। তার প্রস্তাবগুলোর মধ্যে ছিল সবার জন্য বাধ্যতামূলক পটভূমি যাচাই এবং সিরিয়াল নম্বরবিহীন, শনাক্ত করা যায় না—এমন ঘরে তৈরি আগ্নেয়াস্ত্রের ওপর বিধিনিষেধ আরোপ। তবে তার বেশ কয়েকটি প্রস্তাব অঙ্গরাজ্যের আইনসভায় আটকে আছে।
গান ভায়োলেন্স আর্কাইভের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গণ-গুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারী বাদে অন্তত চারজন গুলিবিদ্ধ হন, এমন ঘটনাকে গণ-গুলির ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করে সংস্থাটি।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









