রূপালি পর্দার আলোয় যিনি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, সেই ঢাকাই চলচ্চিত্রের নন্দিত গ্ল্যামার কন্যা ও ‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাসের জন্মদিন আজ। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অগণিত ভক্তদের ভালোবাসার জোয়ারে ভাসছেন এই সুদর্শনী তারকা।
২০০৫ সালে রূপালি জগতের রূপকথায় পা রেখেছিলেন বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের বসন্ত আসে ২০০৬ সালে। এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অনবদ্য অভিনয় করে তিনি রাতারাতি দর্শকের মনে স্থায়ী আসন করে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব-অপু জুটি ঢাকাই সিনেমার ইতিহাসে এক সোনালী অধ্যায়ের জন্ম দেয়, যা বক্স অফিসে টানা রেকর্ড গড়েছিল।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘আমার জান আমার প্রাণ’ ও ‘দেবদাস’-এর মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন। শুধু অভিনয়ের গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, সাম্প্রতিক সময়ে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে সফল প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি।
ব্যস্ততার গ্ল্যামার জীবন পেরিয়ে জন্মদিনের এই বিশেষ দিনটি তিনি কাটান একেবারেই নিজের মতো করে। একমাত্র পুত্র আব্রাম খান জয় এবং প্রিয় পরিবারের সঙ্গেই ঘরোয়া আবহে কেক কেটে আনন্দের মায়াবী মুহূর্তগুলো ভাগ করে নেন এই নায়িকা। জীবনের নতুন বসন্তে পদার্পণ করা এই গুণী অভিনেত্রীর জন্য রইল শুভকামনা।
নর্থসাউথ গ্রুপের ব্রান্ড অ্যাম্বাসাডর ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে গ্রুপের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে এদিনের নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও পরিকল্পনা সম্পাদকসহ সকল সাংবাদিক-সংবাদকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









