ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুস শাহেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হাওলাদার ইউনুস এন্ড কোম্পানির ডিরেক্টর ও মেঘলা ব্যাংক পিএলসি’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আলী আক্তার রিজভী এফসিএ এবং ডাচ বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার ও এসএভিপি মো. শাহিনুর রহমান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন। এ সময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুস শাহেদ মিয়া বলেন, “আজকে তোমরা নতুন জ্ঞান আবিষ্কারের নতুন জার্নি শুরু করতে যাচ্ছ, তোমরা যে নতুন পথচলা শুরু করলে, তা তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অ্যাকাউন্টিং কেবল হিসাবনিকাশের বিদ্যা নয়, এটি সততা ও স্বচ্ছতার প্রতীক। আমি আশা করি, তোমরা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের অর্থনীতি ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্বায়নের এই যুগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ তোমাদের সেই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলবে। আমাদের অধিকাংশের পরিবার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। সকল অভিভাবকদের প্রাথমিক প্রত্যাশা থাকে গ্র্যাজুয়েশন শেষ করে তোমরা একটা চাকরি করবে। তাই সময়কে কাজে লাগিয়ে তোমরা নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেন এই বিভাগ এবং বিশ্ববিদ্যালয় এবং তোমাদের পরিবার তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত মোটিভেশনাল স্পিকার আলী আক্তার রিজভী এফসিএ এবং মো. শাহিনুর রহমান করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নবীনদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদেরকে কঠোর পরিশ্রম, সততা এবং সমসাময়িক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে আমি আমাদের এই অ্যাকাউন্টিং পরিবারে স্বাগত জানাই। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে একটি সমৃদ্ধ ও গতিশীল বিভাগে পড়ার সুযোগ পেয়েছ। তোমাদের যেকোনো একাডেমিক ও মানসিক প্রয়োজনে শিক্ষকমণ্ডলী সবসময় পাশে থাকবে। নিয়মাবর্তিতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে—আজকের এই শুভক্ষণে এটাই আমার প্রত্যাশা।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









