ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনিনের বিতর্কিত নিয়োগ যাচাই-বাছাই করে দেখতে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “গণমাধ্যমে ওঠে আসা অভিযোগগুলো সত্যতা নিশ্চিত করতে কমিটিটা গঠন করেছেন।”
কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলিকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) শহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন থিওলজি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সেকান্দার আলী।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেটে আইসিটি বিভাগের প্রভাষক হিসেবে ফিরোজাকে সুপারিশ করা হয়। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
এ বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, কমিটির চিঠি পেয়েছি। গণমাধ্যমে ওঠে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে বসে দ্রুত আনুষ্ঠানিক কাজ শুরু করে দিব।
উল্লেখ্য, নিয়োগ বোর্ডের আগের দিন এক্সপার্টের সঙ্গে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ, ফলাফল অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ, স্বজনপ্রীতি, সাংবাদিকদের বিভাগের সভাপতির তথ্য দিতে গড়িমসির অভিযোগ সহ নানা বিতর্কিত বিষয় সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









