মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।
বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দিতে সকালে এক তাৎক্ষণিক ঘোষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিচারে বিশেষ 'দ্রুত বিচার আদালত' (Fast-track Court) গঠন করা হবে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় জড়িত অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে। যারা তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"
শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণায় অটল রয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবিলায় দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চসতর্ক অবস্থায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









