কিশোরগঞ্জের ‘ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আইন বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১২ সালে পাঠদান শুরুর পর থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে বিভাগের শতাধিক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আইন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সাম্য। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সাম্য অতিথির বক্তব্যে বলেন, ‘‘আমি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারাও আমার মতোই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সর্বদা গরীব অসহায় মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









