বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবীর বলেছেন, ‘‘পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। আমাদের স্বাধীনতার জন্য নয়।’’
শনিবার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
শাহরিয়ার কবীর বলেন, ‘‘পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। আমাদের স্বাধীনতার জন্য নয়। যারা বলে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করেছে এর থেকে মিথ্যাচার আর কোনো কিছু হতে পারে না। গত ৫৫ বছর অবৈধ সংবিধান দ্বারা এ দেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে। ২৪ পরবর্তী নির্বাচনে যারা জয়লাভ করলেন ভোটের আগে তারা ‘হ্যাঁ’ বলছেন। ভোটের পরে তারা বুঝতে চাচ্ছেন না, এই সংবিধান কেন অবৈধ।’’
তিনি বলেন, ‘‘২৪ ছিল ইসলামকে ধারণ করার, ২৪ ছিল ভারতের তাবিদারির বিরুদ্ধে যুদ্ধ। জুলাই সনদ ছিল ইনসাফের প্রতীক। এই সংবিধান পরিবর্তন করা হলে আমার কোন ভাই-বোনকে সুদের দায়ে মৃত্যুবরণ করতে হবে না।’’
রাষ্ট্রপতি সম্পর্কে তিনি বলেন, ‘‘এই চুপ্পু হচ্ছে মালয়েশিয়ার এবং দুবাইয়ের সিটিজেন। সংবিধানে লেখা রয়েছে কোন বিদেশি নাগরিক বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে না। এই রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রেতাত্মা। এর বিচার করতে হবে। যার (রাষ্ট্রপতি) থাকার কথা কারাগারে, আর আপনি রেখেছেন ফাইভ স্টার হোটেলে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা ভারত পাকিস্তান কিছুই বুঝি না। যে জমিন আল্লাহ আমাদের দিয়েছেন সেখানে ইসলাম কায়েম করতে চাই। এই জমিনে ভারতের তাবিদারি চলবে না।’’
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, এনসিপির ঢাকা বিভাগের সভাপতি সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইসলামী ছাত্র শিবিবের জেলা সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









