পাবনা জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার অভিযানে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শবিনবার (২৫ জুলাই) পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদরের ২১ বছর বয়সি মোঃ ইমরান হোসেন আনন্দের সাথে বলেন, প্রায় ৭ মাস আগে আমার ফোনটি চুরি হয়। আমি থানায় সাধারণ ডায়েরি করে রেখেছিলাম। আজকে আমি ফোন পেয়ে অনেক আনন্দিত।
আতাইকুলা থানার আরেকজন ভুক্তভোগী মিলন হোসেন জানান, প্রায় এক বছর হয়ে গেল আমার ফোনটি হারিয়ে গিয়েছিল আজ সেটা প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়ায় আমি খুব খুশি।
পাবনা জেলা পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার অপরাধ প্রতিরোধ ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









