ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে সম্প্রতি হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি। প্রতিবেদন পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলাসংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টির শুনানি হওয়ার কথা রয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। পরবর্তী সময়ে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ের মধ্যে ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা ঋণ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে জেএমসি বিল্ডার্সও রয়েছে। তবে এসব ঋণের অর্থ এখনো ইসলামী ব্যাংকে পরিশোধ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ দিকে, রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে কয়েকদিনের জল্পনার অবসান ঘটে শুক্রবার বিকেলে। ওই দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রায় ১৬ মাসের মাথায় রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন ও বিক্ষোভের মুখে পড়েন মো. সাহাবুদ্দিন। শেষ পর্যন্ত মেয়াদের প্রায় পৌনে দুই বছর বাকি থাকতেই শুক্রবার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









