বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্ব ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকতার পাশাপাশি ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকায় তিনি নিয়মিত তদারকি করছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ায় খাবারের প্লেটে কুকুরকে মুখ দিতে দেখা গেছে বলেও জানান তারা। এছাড়া ক্যাফেটেরিয়ার ভেতর ও আশপাশের পরিবেশ দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে। টয়লেট ও হাত ধোয়ার স্থানগুলোও অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
তাদের দাবি, ক্যাফেটেরিয়ার মতো শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার করা গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি করা পরিচালকের দায়িত্ব। কিন্তু বাস্তবে এসব বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় ক্যাফেটেরিয়া পরিচালনায় তিনি প্রয়োজনীয় সময় দিতে পারছেন না।
ক্যাফেটেরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর দিপু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এভাবে চলতে পারে না। খাবারের নিম্নমান ও নোংরা পরিবেশের কারণে প্রতিদিন স্বাস্থ্যঝুঁকি নিয়ে খাবার খেতে হচ্ছে। পরিচালক পদে থেকে যদি তিনি দায়িত্ব পালন না করেন, তাহলে প্রশাসনের উচিত এ পদে দায়িত্ব পালনে সক্ষম কাউকে দায়িত্ব দেওয়া।
এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তুলেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, তিনি যেহেতু দায়িত্বে আছেন, অবশ্যই এ বিষয়ে তার দায়িত্বশীল আচরণ করা উচিত। আমি এ বিষয়ে ভিসি স্যারের সঙ্গে কথা বলে তাকে জানাব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, উনার সঙ্গে আজকেই ক্যাফেটেরিয়ার বিষয়ে কথা হয়েছে। আশা করি, পরবর্তীতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
ক্যাফেটেরিয়ার পরিবেশ দ্রুত উন্নত করা, খাবারের মান নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









