ঢাকার ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল মৌজায় নালিশি জমির পাশে দাঁড়িয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল নেতা রাফিজুল ইসলাম রবিনের পাশাপাশি জমির মূল মালিক রমজান আলী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন। একই সঙ্গে জমির মূল মালিক রমজান আলীও দাবি করেন, তিনি স্বেচ্ছায় ও বৈধ প্রক্রিয়ায় জমিটি বিক্রির বায়না করেছেন।
সংবাদ সম্মেলনে রবিন বলেন, ‘‘সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির মাধ্যমে তার বিরুদ্ধে সাইনবোর্ড টানিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ প্রচার করা হচ্ছে। একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।’’
রবিনের দাবি, জমির মালিক রমজান আলীর নামে এসএ ও আরএস রেকর্ড, নামজারি-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে।
তিনি বলেন, “রমজান আলীর টাকার প্রয়োজন হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রক্রিয়ায় বায়না দলিলের মাধ্যমে আমি জমিটি কিনেছি। জোরপূর্বক দখলের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকলেও আমার একটি পরিবার রয়েছে। বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করা কোনো অপরাধ হতে পারে না।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ছড়ানো তথ্যকে অপপ্রচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জমির মূল মালিক রমজান আলীর পিতা বলেন, ‘‘জমিটি তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। জমির খাজনা, খারিজ, পর্চা ও দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে।’’
রমজান আলী বলেন, “টাকার প্রয়োজন হওয়ায় আমি নিজেই রবিন সাহেবের কাছে কাগজপত্র দেখিয়ে জমিটি বিক্রির বায়না করেছি। সুস্থ মস্তিষ্কে বায়না স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা নিয়েছি। এখানে জোরপূর্বক জমি দখলের কোনো ঘটনা ঘটেনি।”
জমি দখলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।’’ একটি পক্ষ তাকে ও রবিনকে সামাজিকভাবে হেয় করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
রমজান আলীর ছেলে জানান, জমির বিষয়টি নিয়ে এর আগেও থানায় বসে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় ও আইনসম্মত প্রক্রিয়ায় জমিটি বিক্রির বায়না করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জমির কাগজপত্র ও বায়না সংক্রান্ত নথিপত্র উপস্থাপন করে জমি দখলের অভিযোগের প্রতিবাদ জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









