১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।
সুপারিশপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন—২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।
সাফল্যের অনুভূতি জানিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, “আমি ৫ম ব্যাচের ছাত্র এবং মাত্রই একাডেমিক পড়াশোনা শেষ করেছি। আগে থেকেই বিজেএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তবে এমন ফলাফল আমার জন্য আনন্দের ও একই সঙ্গে কিছুটা আশ্চর্যের।”
আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, “প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত মোট পাঁচটি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এর আগে আমাদের তিনজন শিক্ষার্থী বিচারক হয়েছেন। তবে এবারই প্রথম একসঙ্গে পাঁচজন সুপারিশপ্রাপ্ত হলো। একই সঙ্গে এবারই প্রথম আমাদের কোনো নারী শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।”
তিনি আরও বলেন, “শিক্ষক হিসেবে এটুকুই আমাদের কৃতিত্ব। শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা তাদের নিজেদের পরিশ্রম ও প্রচেষ্টার ফল। আমরা তাদের সাফল্যে আনন্দিত।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









