টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি জানিয়ে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘একটি সিনেমায় করা অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে গিয়েছিল। যারা সেই দৃশ্য দেখে ফেলেছেন, তাদের সামনে কীভাবে যাবো, এই ভাবনায় স্বাভাবিক জীবন কঠিন হয়ে পড়ে।’’
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘‘সিনেমার প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি হতে পারেন। কিন্তু সেই ফুটেজ মূল প্রেক্ষাপটের বাইরে ছড়িয়ে পড়লে, আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঘটনাটি শুধু অনলাইনের আলোচনায় সীমাবদ্ধ ছিল না। যাদের সঙ্গে প্রায় প্রতিদিন দেখা হয়, তারাও ওই ক্লিপ দেখে ফেলেছিলেন।’’
রাধিকা জানান, বাড়ির দারোয়ানও ফুটেজটি দেখেছিল। তখন তিনি একা থাকতেন। কাজের একটি অংশ এত দ্রুত তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ায় তিনি ভয় পেয়ে যান। পরে গাড়িচালক ও নিজের দলের একজনকে ফোন করে ভিডিও ফাঁসের কথা জানান এবং তার দুশ্চিন্তা নিয়ে কথা বলেন।
ঘটনাটি নিয়ে আগেও মুখ খুলেছিলেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ফাঁস হওয়া দৃশ্য দেখে গাড়িচালক, দারোয়ান ও স্টাইলিস্টের চালক চিনে ফেলেছিল। সে কারণেই চারদিন ঘরে আটকে থাকতে হয়েছে।’’
রাধিকার বর্তমানের কথায় বোঝা যায়, ঘটনাটি এত বছর পরও তার মনে দাগ কেটে আছে। ক্যামেরার সামনে করা একটি দৃশ্য শেষ পর্যন্ত নিজের দরজার সামনেই মোকাবিলা করতে হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









