যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানের পর্দা ক্ষতিগ্রস্ত করার অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং শহীদ মশিয়ুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামানের কাছে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হকের ছাত্রত্ব বাতিল ও স্থায়ী বহিষ্কার, তাঁকে অবিলম্বে হল থেকে স্থায়ীভাবে অপসারণ এবং আহত শিক্ষার্থী জুয়েল আল ইমরানের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা। পাশাপাশি ঘটনায় জড়িত সব অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, শহীদ মশিয়ুর রহমান হলে গোসল করাকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানের সঙ্গে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হকের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য বিকেলে ক্যাম্পাসের বাইরে গেলে তানভীর হক জুয়েল আল ইমরানকে সজোরে থাপ্পড় মারেন। এতে তাঁর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য ও অস্কারসহ আরও ৮-১০ জন উপস্থিত ছিলেন। পরে আহত অবস্থায় জুয়েলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা আজ থেকে তাদের কার্যক্রম শুরু করবে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









