চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ধরমপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত সৎ ছেলের নাম আশিকুর রহমান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে তাঁর সৎ ছেলে আশিকুর রহমানের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিকুর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আয়েশা বেগমকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই অভিযুক্ত আশিকুর রহমান পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়ের করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









