ভোলার লালমোহন উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে এক অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানার আয়োজনে গত শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। এর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ওসি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি পুরো সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোর প্রজন্মকে এসব ধ্বংসাত্মক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, মোতাহারনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









