যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের ব্যানারে একাধিক বানান ভুলের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে যবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরপরই ব্যানারে থাকা বিভিন্ন বানান ভুল ও অসংগতি দৃষ্টিগোচর হলে সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ওই ব্যানারে দেখা যায়, 'বেগম'-এর পরিবর্তে 'বেগস', 'প্রাক্তন'-এর পরিবর্তে 'প্রাক্রন', 'প্রধানমন্ত্রী'-এর পরিবর্তে 'প্রধামমন্ত্রী', 'বিসমিল্লাহির রহমানির রহিম'-এর পরিবর্তে 'বিশ্বমিল্লা', 'শিক্ষকমণ্ডলী'-এর পরিবর্তে 'শিক্ষকমগুলী', '৫ই'-এর পরিবর্তে 'ওই', 'জাতির'-এর পরিবর্তে 'আতির', 'উন্নয়নে'-এর পরিবর্তে 'উন্নরনে', 'অবদান'-এর পরিবর্তে 'অববার' এবং 'চিরস্মরণীয়'-এর পরিবর্তে 'চিরস্বারণীয়' লেখা হয়েছে।
এছাড়া 'শরিক'-এর পরিবর্তে 'পরিক', 'মন্ত্রী'-এর পরিবর্তে 'মস্ত্রী', 'বিশ্ববিদ্যালয়'-এর পরিবর্তে 'বিশ্ববিদ্যালয়লঘ্ন' এবং 'সালে'-এর পরিবর্তে 'সলে' লেখার মতো মারাত্মক সব ভুল পাওয়া গেছে। এমনকি পোস্টারে থাকা মূল লেখার সঙ্গে নামফলকের লেখারও অমিল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বানান ভুল সংবলিত ব্যানার ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









