পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রনগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলম জোমাদ্দার যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মো.রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রনগোপালদী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় তিনি রনগোপালদী বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে ফিরে সেবন করেন। কিছুক্ষণ পর তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্ত্রী ডাকচিৎকার করেন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলম জোমাদ্দারের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, ডাকচিৎকার শুনে গিয়ে তারা আলম জোমাদ্দারকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। বুধবার ৭অক্টোবর ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









