জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন অনুষদের ১৬ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ বা নম্বর অর্জনকারী সেরা শিক্ষার্থীদের এই পদক দেওয়া হয়। এবার সারা দেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য মনোনীত হয়েছেন, যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ সালের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তারা সবাই ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২০ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা সবাই ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা সবাই ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সালে এই পদক প্রবর্তন করে। মেধাবী শিক্ষার্থীদের এমন অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









